৩১ মে ২০১৩ - ১৯:৩০
বিদেশি মদদপুষ্ট শত শত বিদ্রোহী ঢুকছে কুসাইরে

সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় কৌশলগত কুসাইর শহরে সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য বিদেশি মদদপুষ্ট শত শত গেরিলা ঢুকেছে।

বার্তা সংস্থা আবনা : সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় কৌশলগত কুসাইর শহরে সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য বিদেশি মদদপুষ্ট শত শত গেরিলা ঢুকেছে।

তথাকথিত সিরিয়ার ন্যাশনাল কাউন্সিলের প্রধান জর্জ সাব্রা তুর্কি শহর ইস্তাম্বুলে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, সমগ্র সিরিয়া থেকে জড়ো হওয়া প্রায় এক হাজার বিদ্রোহী কুসাইরে ঢুকেছে।

হোমস প্রদেশের ৩৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত শহরটিতে এ সব বিদ্রোহী কখন ঢুকেছে সে বিষয়ে কিছু বলেননি সাব্রা।

সিরিয়ার সেনাবাহিনী যখন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের সহায়তায় কুসাইর শহরে বিদ্রোহীদের বিরুদ্ধে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে তখন এ সব বিদ্রোহী নতুন করে শহরটিতে প্রবেশ করল।

কয়েক সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষের পর গত ১৯ মে সিরিয়ার সেনাবাহিনী কয়েক দিক থেকে কুসাইরে সাঁড়াশি হামলা চালায়। যুদ্ধের প্রথম পর্যায়ে বিজয় অর্জনের পর এখন শহরটিতে দ্বিতীয় পর্যায়ের অভিযান চালাচ্ছে সরকারি বাহিনী। বর্তমানে শহরটির বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করছে তারা।